মুজিবনগরে লিচু বাগান থেকে ৩ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ২৫ পিস ইয়াবা
এম চোখ ডটকম, মুজিবনগর :
মেহেরপুরের মুজিবনগরে পুলিশের বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ঢোলমারী গ্রামের একটি লিচু বাগান থেকে তাদের আটক করে মুজিবনগর থানা পুলিশের একটি চৌকস দল।
গ্রেপ্তারকৃতরা হলেন— মুজিবনগর উপজেলার বাগোয়ান মোল্লাপাড়া গ্রামের আব্দুল রবের ছেলে ফরহাদ শেখ (২২), আনন্দ মিয়ার ছেলে আপন (২১) এবং একই গ্রামের ফারুক শেখের ছেলে রাশেদ শেখ (৩৫)।
গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানা পুলিশ, ঢোলমারী গ্রামের ‘হরেনের বটতলা’ সংলগ্ন টুইস মন্ডলের লিচু বাগানে কয়েকজন মাদক কারবারি কেনাবেচা ও সেবনের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলামের নির্দেশনায় এসআই তাওহীদসহ পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে মোট ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতরা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সাথে জড়িত বলে পুলিশের কাছে তথ্য ছিল। তাদের বিরুদ্ধে মুজিবনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে এবং মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।