গাংনীতে কমিউনিটি পুলিশি কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
এম চোখ ডট কম, ডেস্ক:
“মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি” এই প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনীতে কমিউনিটি পুলিশি কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার(১৮ সেপ্টেম্বর) বিকেলে গাংনী থানা পুলিশের আয়োজনে উপজেলার কাথুলী ইউনিয়নের কুতুবপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামিনুর রহমান খান।
বিশেষ অতিথি ছিলেন গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী ও গাড়াবাড়ীয়া গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা সাজ্জাদ হোসাইন পলাশ।
উদ্বোধনী খেলায় কাথুলী ইউনিয়ন লাল দল ও সবুজ দল মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ৪১-৩২ পয়েন্টে সবুজ দলকে পরাজিত করে লাল দল জয়লাভ করে।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামিনুর রহমান খান বলেন, মাদক ও কিশোর গ্যাং থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে।
তিনি বলেন, তরুণদের অবসর সময়কে ইতিবাচক কাজে কাজে লাগাতে নিয়মিত খেলাধুলার আয়োজন করা প্রয়োজন। মাদকমুক্ত ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়ে তুলতে পরিবার, শিক্ষক, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।