45
গাংনীতে ফাইভ স্টার ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ড্রাম ট্রাক চালকের মৃত্যু, আহত ১
এম চোখ ডটকম,গাংনী: মেহেরপুরের গাংনী উপজেলার গাঁড়াডোব পোড়াপাড়া এলাকায় অবস্থিত ফাইভ স্টার ইটভাটায় মাটি নামানোর সময় বিদ্যুতের তারের সংস্পর্শে এসে এক ড্রাম ট্রাক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আজ শুক্রবার (১৩ মার্চ) গভীর রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক মহিরুল ইসলাম গাংনী উপজেলার তেরাইল গ্রামের পশ্চিমপাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে। স্থানীয়রা জানায় ফাইভ স্টার ইটভাটায় ড্রাম ট্রাক থেকে মাটি নামানোর সময় ট্রাকের ড্রাম ওপরে ওঠালে সেটি পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সঙ্গে লেগে যায়। এতে মহিরুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর দগ্ধ হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ছাতিয়ান গ্রামের লাল্টু মিয়ার ছেলে সজিব (৩০) গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করা হয়। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক রাসেল রানা জানান, আহত সজিবের ডান পা অনেক বেশি পুড়েছে, তাছাড়াও শরীরের বিভিন্ন স্থানে ক্ষত রয়েছে, তাই দ্রুত প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রের্ফাড করা হয়েছে। গাংনী থানা অফিসার ইনচার্জ ওসি উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।