গাংনীতে র্যাবের অভিযানে ইয়াবাসহ যুবক আটক
এম চোখ ডটকম, গাংনী :
মেহেরপুরের গাংনীতে র্যাব-১২, সিপিসি-৩ এর অভিযানে ইয়াবাসহ একজনকে আটক করেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বামুন্দি ইউনিয়নের ৫নং ওয়ার্ড রামনগর এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব সূত্রে জানা যায়, র্যাব-১২ এর অধিনায়কের দিকনির্দেশনায় মেহেরপুর ক্যাম্পের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় রামনগর টু হাড়াভাঙ্গা সড়কের পাশে সোনাবাবু নামের এক ব্যক্তির মুদি দোকানের সামনে থেকে মোঃ মাসুদ রানা (২৬) নামের এক যুবককে ৪৬ পিস ইয়াবাসহ আটক করা হয়।
আটককৃত মাসুদ রানা রামনগর গ্রামের মৃত আয়নাল মন্ডলের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
র্যাব জানায়, আসামির বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তারা আরও জানায়, সমাজকে মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।