গাংনীতে ফুটবল খেলার সময় এক তরুণের মৃত্যু
স্টাফ রিপোর্টার:
মেহেরপুরে গাংনী উপজেলার আযান গ্রামে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে গিয়ে রাব্বি হোসেন নামের এক তরুনের মৃত্যু হয়েছে।
রাব্বি হোসেন (১৮) মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের মিজানুর রহমান মিজারের ছেলে। রাব্বির নানা বাড়ি আযান গ্রামে।
আজ বৃহস্পতিবার বিকেলে আজান ফুটবল মাঠে এ ঘটনা ঘটে।
জানা গেছে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ও গাংনী উপজেলার আযান গ্রামের কিশোরদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলা চলাকালে রাব্বি হোসনে আকস্মিক অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাব্বির ফুটবল দলের বন্ধু রাজিব হোসেন বলেন, রাব্বি আমাদেরই বন্ধু এবং আত্মীয়। আমরা একই সাথে থাকি। তার নানির বাড়ি আজান গ্রামে। আজান গ্রামের তরুণ-যুবকদের সঙ্গে প্রীতি ফুটবল খেলার জন্য রাব্বিই প্রস্তাব দেয়। খেলা চলাকালীন সময়ে সে হঠাতই অসুস্থ হয়ে পড়েন। মাঠের মাঝে বুকে হাত দিয়ে বসে পড়েন। কেন অসুস্থ হয়েছে তা আমরা বুঝতে পারছি না।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নাহিদ হাসান জানান, রাব্বি নামের একটি ছেলে ফুটবল খেলতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন। সে হাসপাতালে আসার আগেই মৃত্যুবরণ করেছে। ছেলেটির বয়স ১৮ যার ফলে আমরা পুলিশকে খবর দিয়েছি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন পুলিশের একটি টিম বর্তমানে ঘটনাস্থলে রয়েছেন। প্রাথমিক তদন্তশেষে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করছে পুলিশ।
তবে শেষ পর্যন্ত জানা গেছে, রাব্বির হার্টে সমস্যা ছিল। পরিবার থেকে অনেক চিকিৎসাও করিয়েছে। হার্ট অ্যার্টকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন চিকিৎসক ও তার পরিবারের লোকজন।
এদিকে হার্টঅ্যার্টাকে তার মৃত্যু হয়েছে এবং পরিবারের দাবির প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।