গাংনীতে মাদকাসক্তি, অনলাইন জুয়া ও ট্রাফিক সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
এম চোখ ডটকম,গাংনী:
সকল পর্যায়ের ছাত্র-ছাত্রীদের মাদকাসক্তি, অনলাইন জুয়া, আত্মহত্যা এবং ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতে গাংনীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় গাংনীর সন্ধানী স্কুল এন্ড কলেজের ওকি নিনোসাকা হলে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।
সভাপতিত্ব করেন সন্ধানী সংস্থা, গাংনীর নির্বাহী পরিচালক মহা: আবু জাফর।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, “বর্তমান সময়ে কোমলমতি শিক্ষার্থীরা মাদক, অনলাইন জুয়া এবং অসচেতনতার কারণে বিভিন্ন ঝুঁকির মধ্যে রয়েছে। এগুলো থেকে রক্ষা পেতে হলে শিক্ষক, অভিভাবক ও আইনশৃঙ্খলা বাহিনীকে একসাথে কাজ করতে হবে। ট্রাফিক আইন মেনে চলা এবং জীবনের মূল্য বুঝতে পারলেই আত্মহত্যার মতো ঘটনা রোধ করা সম্ভব।”
সভাপতির বক্তব্যে মহা: আবু জাফর শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সন্ধানী সংস্থা সবসময় যুব সমাজকে সঠিক পথে রাখতে কাজ করে যাচ্ছে।
সভায় বক্তারা শিক্ষার্থীদের মাদকের কুফল, অনলাইন জুয়ার ভয়াবহতা, সড়কে চলাচলে সতর্কতা এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।