মেহেরপুর বাবার হাসুয়ার কোপে ছেলে গুরুতর আহত
এম চোখ ডট কম, বারাদী :
মেহেরপুর সদর উপজেলার বারাদি পারিবারিক কলহের জেরে বাবার হাসুয়ার কোপে শরিফুল ইসলাম (৩০) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন।
বুধবার দিবাগত রাত ১০টার দিকে বারাদি গ্রামে এই নির্মম ঘটনা ঘটে। আহত শরিফুল বারাদি গ্রামের আলিমুদ্দিনের বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে শরিফুল বারাদি বাজারে নিজ মোবাইল ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়িতে প্রবেশ করলে তার বাবা আলিমুদ্দিন হঠাৎ ঘরের মেইন সুইচ বন্ধ করে দেন। অন্ধকার সৃষ্টি করে তিনি হাতে থাকা হাসুয়া দিয়ে শরিফুলকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে শরিফুল গুরুতর জখম হন। পরে স্থানীয়রা চিৎকার শুনে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত শরিফুলের আঘাত আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।