ডিবি পরিচয়ে মেম্বরের কাছ থেকে হাতিয়ে নিল টাকা
এম চোখ ডট কম, ডেস্ক :
‘‘ আমি ডিবি অফিস থেকে বলছি। আপনার ছেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটিয়েছে। আমরা তাকে আটক করেছি। দ্রুত ২০ হাজার টাকা পাঠান। না হলে বড় মামলায় চালান দেওয়া হবে।” মোবাইল কলে ছেলের এমন বিপদের কথা শুনে বিকাশে বাবা দিলেন ১৫ হাজার টাকা। তারপর………..। সেই নাম্বার বন্ধ। এভাবেই প্রতারণার পড়ে ১৫ হাজার টাকা খোয়ালেন মেহেরপুরের মুজিবনগের উপজেলার বাবুপুর গ্রামের একজন ইউপি সদস্য। ঘটনাটি গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে।
জানা গেছে, মহাজনপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য তোয়াজ উদ্দীনের মোবাইলে 01766960221 নম্বর থেকে কল আসে। মোবাইলের ওইপ্রান্ত থেকে ডিবি পরিচয়ে ছেলের বিপদের কথা জানায়। ২০ হাজার টাকা দিলে ছেলেকে ছেড়ে দেওয়া হবে এমন আশায় তোয়াজ উদ্দীন দিলেন ১৫ হাজার টাকা। এর পর থেকে নাম্বারটি বন্ধ পাওয়া যায়। তখন খোঁজ নিয়ে তিনি নিশ্চিত হন যে, তার ছেলে গ্রামের একটি দোকানে বসে আসে। ডিবি পরিচয় দেওয়া অজ্ঞাত ব্যক্তি প্রতারণা করে হাতিয়ে নিয়েছে ১৫ হাজার টাকা। মুর্হূতেই টাকা খোয়ানোর বিষয়টি বুঝতে পেরে বোকাবনে যান ইউপি মেম্বর তোয়াজ উদ্দীন।
জানা গেছে, প্রতিদিনই বিভিন্ন ব্যক্তির কাছে এমন কল আসে। সচেতন মানুষগুলো বিষয়টি এড়িয়ে গেলেও সহজ-সরল মানুষগুলো প্রতারকদের ফাঁদে পড়ছেন। খোয়াচ্ছেন অনেক টাকা পয়সা। এমন ঘটনা প্রায়ই মিডিয়াতে প্রচার হতেও দেখা যায়।
বিষয়টি নজরে আনলে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি প্রদীম কুমার জানান, বিষয়টি খুবই দুঃখজনক। এমন কল কারও কাছে আসলে আগে তার উচিত হবে সঠিকতা যাচাই করা। স্থানীয় থানায় খোঁজ নিয়ে জানতে হবে তার ছেলে বা স্বজন আটক হয়েছে কি না। তাছাড়া যাকে আটক করার কথা বলা হচ্ছে তার খোঁজ-খবর নেওয়ার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যেতে পারে। এরপরেও কেউ যদি এমন প্রতারণার ফাঁদে টাকা দিয়ে থাকেন তবে থানায় জিডি করতে হবে। জিডি করলে আমরা পরবর্তী আইনগত পদক্ষেপের মাধ্যমে প্রতারকদের ধরার চেষ্টা করবো। তবে সর্বোচ্চ সতর্ক ও সচেতন হওয়ার পরামর্শ দিলেন তিনি।