উচ্চফলনশীল সুগন্ধি ধানের নতুন জাতের শস্য কর্তন ।। এক ধানেই মিলবে অনেক কিছু
এম চোখ ডট কম, ডেস্ক:
আমন মৌসূমের উচ্চফলনশীল, স্বল্পজীবনকালীন, সুগন্ধি এবং জিংক সম্মৃদ্ধ ধানের জাত ‘‘বিনা ধান ২৮’’ (বিনা ধান আঠাস) এর নমুনা শস্য কর্তনে মিলেছে আশারুপ ফলন। বিঘা প্রতি ফলন পাওয়া গেছে ২৪ মনের উপরে। গাংনী উপজেলা কৃষি অফিস এবং স্বদেশ সীড এর আয়োজনে আজ রোববার (২৯ নভেম্বর) দুপুরে গাংনীর মাদের বিলের মাঠে এ নমুনা শস্য কর্তন করা হয়।
আমন মৌসূমে স্বল্পজীবনকালীন বিনা ধান আঠাস জাতের ধান হারভেস্ট করে সহজে রবি ফসল আবাদ করতে পারবেন কৃষকরা। একই সাথে সুগন্ধি ধান তাই কৃষক বাজার মূল্য বেশি পাবেন। উচ্চফলনশীল জাত হওয়ায় সুগন্ধি চালের ঘাটতি পুরণে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বিনা ধান ২৮। এমন প্রত্যাশা ব্যক্ত করেন কৃষি কর্মকর্তারা।
তারা আরও বলেন, আমন মৌসূমে সুগন্ধি ধানের জাতের মধ্যে সবচেয়ে বেশি ফলন বিনা ধান ২৮। সব মানুষের পক্ষে আবাদ করা সম্ভব। তাই বিনা ধান ২৮ কে গরিবের পোলাও হিসেবে পরিচিত হতে পারে বলে জানিয়েছেন জাতটির উদ্ভাবক ডক্টর মাহমুদুল হাসান। জাতটির আরেকটি বৈশিষ্ঠ্য হচ্ছে- আমন এবং বোরো দুই মৌসূমেই আবাদ করা যাবে।
বিনা ধান ২৮ আবাদকারী কৃষক মনিরুল ইসলাম জানান, স্বদেশ সীড থেকে তিনি ১ কেজি বীজ নিয়ে চারা দিয়েছিলেন। সাড়ে চার কাঠা জমিতে আবাদ করেছিলেন। অতি অল্প সময়ে এত ফলন দেবে তা ভাবনার বাইরে। আমন মৌসূমে আরও অনেক জাত আছে। কিন্তু এই জাতটি সবার সেরা হবে। এর তেমন কোন রোগ-বালাই ছিল না। স্বাভাবিক পরিচর্যায় ভাল ফলন পাওয়া গেছে। আমন মৌসূমে বিঘায় (৩৩ শতাংশে) ২৪ মণ ফলন পাওয়া বিরাট ব্যাপার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ অফিসার তারেক আব্দুল্লাহ বিন আনোয়ার, উপসহকারি কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান, স্বদেশ সীড এর সিইও মাজেদুল হক মানিক এবং পরিসংখ্যান অফিসের প্রতিনিধিবৃন্দ।
শস্যা কর্তন শেষে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তারেক আব্দুল্লাহ বিন আনোয়ার জানান, কর্তনকৃত ধানের আর্দ্রতা ছিল ১৭ ভাগ। নমুনা শস্য কর্তনের নিয়ম অনুসারে কর্তন করে ফলন পাওয়া গেছে হেক্টর প্রতি ৭.২ মেট্রিক টন। ৩৩ শতাংশের এক বিঘায় ফলন দাঁড়ায় ২৪ মণের উপরে। স্বল্পজীবনকালীন সুগন্ধি জাতের এই ধানের চাল সুগন্ধি চালের চাহিদা মেটাতে ভুমিকা পালন করবে। অন্যদিকে কৃষকরা অল্প সময়ে বেশি ফলন পাবেন এবং এক বছরে একই জমিতে ফসলের পরিমাণ বৃদ্ধি পাবে।
বিনা ধান ২৮ উদ্ভাবন করেছেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর বিজ্ঞানী ডক্টর মাহমুদুল হাসান।
বিনা সুত্রে জানা গেছে, উচ্চ ফলনশীল, সুগন্ধি ও মাঝারি চিকন চালবিশিষ্ট আমন ধানের জাত হিসেবে বিনা ধান ২৮ জাতটি চলতি বছরের মাঝামাঝি সময়ে অনুমোদন দেয় জাতীয় বীজ বোর্ড। চলতি আমন মৌসূমে দেশের বিভিন্ন জেলায় বিনা ধান ২৮ কৃষক পর্যায়ে আবাদ হয়েছে।
জানা গেছে, বিদেশ রপ্তানি এবং দেশের মধ্যে সুগন্ধি চালের ব্যাপক চাহিদা রয়েছে। বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে সরকার সুগন্ধি চাল রপ্তানির অনুমতি দিয়েছে। এতে চাহিদা আরও বৃদ্ধি পেয়েছে। রপ্তানি এবং দেশের মানুষের চাহিদা পূরনে বিনা ধান ২৮ উদ্ভাবন এক যুগান্তকারী পদক্ষেপ।
আমন মৌসূমে সুগন্ধি ধানের যে জাতগুলো রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি ফলন বিনা ধান ২৮ এ পাওয়া যাচ্ছে। অতি সাধারণ পরিচর্যায় সকল কৃষক আবাদ করবে পারবেন। এ কারনে জাতটিকে গরিবের পোলাও বলা হচ্ছে। এর চমৎকার সুগন্ধি পোলাও, বিরিয়ানি ও খিচুড়ির জন্য অত্যান্ত উপযোগী। ফলন বেশি হওয়ার কারনে সব মানুষের প্লেটে সহজেই বিনা ধান ২৮ চাল নিশ্চিত করা সম্ভব।
জাতটি সম্পর্কে জানা গেছে, পরিপক্ক অবস্থায় ধানের রঙ উজ্জ্বল সোনালি হয়ে যায়, যা দেখতে আকর্ষনীয় এবং প্রচলিত জাতের তুলনায় হেক্টরে প্রায় ১.৫ টন বেশি ফলন দেয়। রান্নার পর ভাত ঝরঝরে থাকে ও খেতে সুস্বাদু। চালে ২৪.৮৩ মি.গ্রা./কেজি জিংক থাকায় শিশুদের বুদ্ধি বিকাশ ও গর্ভবতী মায়েদের জন্য উপকারী। উচ্চ ফলন ও সুগন্ধের কারণে জাতটি টেবিল রাইস ও খিচুড়ি হিসেবে জনপ্রিয় হয়ে ‘গরীবের পোলাও’ নামে পরিচিত হতে পারে এবং কৃষকের আয় বৃদ্ধি, পুষ্টি চাহিদা পূরণ ও বাজারে সুগন্ধি চালের ঘাটতি কমাতে সহায়ক হবে।
বিনা ধান ২৮ এর বৈশিষ্ঠ্য হচ্ছে- এর ডিগপাতা খাঁড়া, পরিপক্কতার পরও গাঢ় সবুজ থাকায় শীষের গোঁড়ার ধান সম্পূর্ণ পুষ্ট হয়। পূর্ণ বয়স্ক গাছের উচ্চতা ১০৮-১১০ সে.মি.। শীষের দৈর্ঘ্য গড়ে ২৩.২২ সে.মি. এবং গাথুনি ঘন। প্রতি শীষে ১৮০-২০০টি পুষ্ট দানা থাকে। ১০০০টি পুষ্ট ধানের ওজন গড়ে ২২.২০ গ্রাম। চালে অ্যামাইলোজের পরিমাণ ২৭.৪২%; ফলে ভাত ঝরঝরে এবং খেতে সুস্বাদু হয়। চালে জিংকের পরিমাণ ২৪.৮৩ পিপিএম। গড় ফলন প্রতি হেক্টরে ৬.৫০ টন এবং সর্বোচ্চ ফলন ৭.০০ টন। জীবনকাল ১২০-১২৫ দিন।