18
মেহেরপুর থেকে জাতীয় মঞ্চে মীর সাফি আল হুদ
এম চোখ ডট কম, ডেস্ক :
নতুন কুড়ি সিজন ১ এ জাতীয় পর্যায়ে কৃতিত্বের সাক্ষর রেখেছেন মেহেরপুরের খুদে কাবাডি খেলোয়াড় মীর সাফি আল হুদ। বহু প্রতিযোগীকে পেছনে ফেলে মেহেরপুর জেলার একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে জয় করলেন জাতীয় মঞ্চ।
আজ বৃহস্পতিবার খুলনায় প্রধানমন্ত্রীর হাত থেকে সনদ গ্রহণ করেন হুদ।
জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি সিজন-১’ এ সারা বাংলাদেশ থেকে সেরা ৪০ জন খেলোয়াড়ের হাতে পুরস্কারও সনদপত্র তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মীর সাফি আল হুদ গাংনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মীর সাইফুল ইসলামের একমাত্র ছেলে। গাংনী পাইলট স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র। মেহেরপুরের মতো একটি মফস্বল থেকে উঠে এসে জাতীয় মঞ্চে জায়গা করে নেওয়ায় মেহেরপুরের ক্রীড়া প্রেমীদের মনে বইছে আনন্দের জোয়ার।
সনদ গ্রহণের পর নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে সাফি আল হুদ বলেন, মেহেরপুর থেকে প্রায় এক বছর আগে কঠোর পরিশ্রমের মাধ্যমে আমার এই যাত্রা শুরু হয়। এই যাত্রায় আমার বাবা সবসময় আমার পাশে ছিলেন। মেহেরপুরের মতো একটি জায়গা থেকে জাতীয় পর্যায়ে যেতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি সকলের দোয়া চাই।
”তিনি আরও বলেন, আগামীতে মেহেরপুরের নাম আরও উজ্জ্বল করতে চান তিনি। তার এই সাফল্যে গাংনীসহ পুরো মেহেরপুরবাসী গর্বিত। পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার পতি তীব্র আকর্ষণ ছিল তার। নতুনকুড়ি প্রতিযোগিতার মেহেরপুর বাছাই পর্বে উত্তীর্ণ হয়েছে। বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে পর্যায়ক্রমে পৌঁছায় জাতীয় পর্যায়ে। সেখানে কৃতিত্বের স্বাক্ষর রেখে সেরা প্রতিযোগীদের খাতায় নাম লেখান এই খুদে কাবাডি খেলোয়াড়।